পছন্দ করি বা না করি, এটা মানতেই হবে, আওয়ামী লীগ বুদ্ধিবৃত্তিক কাজে বা সাংস্কৃতিক দিক দিয়ে বাংলাদেশের অন্যান্য দলগুলোর চেয়ে নিশ্চিত অনেকটাই এগিয়ে। এই মুহূর্তে ক্ষমতায় থাকা বি এন পির মিডিয়া সেল বা বুদ্ধিজীবিবৃত্ত নিয়ে দলের ভেতরেই কর্মী সমর্থকদের ক্ষোভ রয়েছে। তবে এই মুহূর্তে, বাংলাদেশের পরিস্থিতিতে বি এন পি' র, প্রবল ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হম্বিতম্বি মোকাবেলায় বি এন পির স্ট্র্যাটেজি বা কৌশল বেশি কার্যকর বলে আমি অন্তত নিশ্চিত। আওয়ামী লীগ ২০২৪ শের অগাস্ট মাসে গনঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কেন হলো তার রিভিউ এখনও পর্যন্ত দলটি করেছে বলে মনে হয় না। তারা বলতেই পারে, দলের মধ্যে কি সমালোচনা - আত্মসমালোচনা হয়েছে তা বাইরের লোকের জানতে হবে কেন! সেটা একদিক দিয়ে হয়তো ঠিকই, কিন্তু আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক থেকে নেতা কাউকেই তাদের কৃতকর্মের জন্য প্রকাশ্যে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও একটিবারের জন্যও কেউ অনুশোচনা করতে শোনেননি। তাদের বডিল্যাংগুয়েজে বরং ফুটে উঠেছে সীমাহীন ঔদ্ধত্য। যা করেছি, বেশ করেছি ভাব। লীগপন্থীদের এই দলের নেতা নিঃসন্দেহে শেখ হাসিনা।
সাধারণভাবে দুনিয়া জোড়া লীগ সমর্থকদেররা একই— জুলাই আন্দোলন টান্দোলন কিছু নয়। চরম প্রতিক্রিয়াশীল, মার্কিন সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের ফল শেখ হাসিনার গদিচ্যুত হওয়া। এ এক মেটিকুলাস ডিজাইন। বলতে বাধ্য হচ্ছি, বিশেষ করে পশ্চিম বঙ্গের আমার অনেক স্নেহভাজন ও ঘনিষ্ঠ জন বিরক্ত, ক্রুদ্ধ হবে জেনেও, শেখ হাসিনার শাসন এমন এক পর্যায়ে পৌঁছেছিল, তার বিরুদ্ধে জনগনের ক্ষোভ সারা দেশজুড়ে আছড়ে পড়েছিল। হাসিনা রেজিম ছিল ভয়ংকর এক দুঃস্বপ্নের কাল।বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইন করে সরকার বিরোধী কিছু লিখলেই পোস্টদাতার শাস্তি ছিল অনিবার্য । গনতান্ত্রিক ব্যবস্থার নাভিশ্বাস উঠেছিল।মিডিয়া, বিচার ব্যবস্থা সব করায়ত্ত করেছিল সরকার। প্রতিবাদ করামাত্রই জেল ছিল অনিবার্য। বিরোধী মিছিল মিটিং বন্ধ করতে লেলিয়ে দেওয়া হতো পুলিশ ও লীগের ক্যাডারদের।পাশাপাশি গুম-খুন, ফেক এনকাউন্টার প্রায় স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল।দুর্নীতি ভয়াবহ হয়ে বউঠেছিল।এসবের বিরুদ্ধে জনমানসে ক্ষোভ ছিল। রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়ে তা বহিঃপ্রকাশের সাহস ছিল না। কোটা প্রশ্নে ছাত্রদের সঙ্গে সরকারের বিবাদ,শেষ পর্যন্ত এক গণবিস্ফোরণের চেহারা নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করল। গণবিক্ষোভ দমনে হাসিনা সরকারের অমানবিক দমন-পীড়নও যথেষ্ট নিন্দাজনক। কয়েকহাজার লোকের মৃত্যু, সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়া লোকের সংখ্যা, শিশু কিশোরদের ভয়াবহ ট্রমা এসব নিঃসন্দেহে হাসিনা সরকারের গনতন্ত্র বিরোধী রাজনীতি। তাছাড়া নির্বাচনকে ২০১৮ থেকেই তিনি প্রহসনে পরিনত করেছিলেন। ২০২৪ শে তা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিল। তার পরিনতিই শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া।আমার বাংলাদেশ নিয়ে আগ্রহী, হাসিনা ভক্তদের কষ্ট হলেও এর প্রতিটি কথার অজস্র প্রমাণ আছে। আওয়ামী লীগের উচিত ছিল জনসমক্ষে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাওয়া। কিন্তু তারা বেশীদিন ক্ষমতার বাইরে থাকতে চায় না বলেই বুদ্ধিবৃত্তিক রাজনীতির বাইরে পেশীশক্তিকে বেছে নিয়েছে। সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশের ক্ষমতা পুনরুদ্ধার করার আশায়। দীর্ঘদিন রাজ্যপাঠ থাকায়, অনেক ক্ষেত্রেই নিঃসন্দেহে অ্যাডভান্টেজ আওয়ামী লীগ। ভুল ঠিক যাইহোক, আওয়ামী লীগের মোটেরওপরে সাংগঠনিক ক্ষমতা রয়েছে । পাইয়ে দেবার রাজনীতি তে তার বিকল্প নেই। ফলে, পুলিশ, আর্মির একাংশের মধ্য তার প্রভাব এখনও ভালোই অটুট। মিডিয়া ও আমলাতন্ত্রের বড় অংশ লীগপন্থী।
বি এন পি হচ্ছে বামের ডান আর ডানের বাম দল। পুরোপুরি মধ্যপন্থী একটি রাজনৈতিক দল। দল না বলে মঞ্চ বলাই বোধহয় ঠিক। গণপার্টি সবজায়গায় যেমন হয়। ঢিলেঢালা সংগঠন। অজস্র গ্রুপ। কেউ কারু কথা শোনেন না। ফলে রেজিমেন্টেড আওয়ামী লীগ আর ক্যাডারভিত্তিক জামায়াতে ইসলামীর সঙ্গে তুলনায় সে সাংগঠনিকভাবে পিছিয়ে। তাহলেতো ধরে নেওয়াই যায়, ডিসেম্বরে পুর্ব ঘোষণা মতো দলবল নিয়ে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ফের রাজপাটে পুনরায় অভিষিক্ত হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। মজা হচ্ছে, রাজনীতির অঙ্ক অত সরল পাটিগণিত নয়। তারেক রহমানও আর পুরনো তারেক রহমান নন। আগের চেয়ে তিনি এখন অনেক পরিণত, স্তিতধী। ঠান্ডা মাথায় রাজনৈতিক প্রতিপক্ষর মোকাবেলায় দঢ়। বি এন পি সরকার ও দলের অনেক ভুলভ্রান্তি আছে। বি এন পি ক্ষমতায় আসার পর পরেই, ঘটনাচক্রে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠল যুদ্ধের কারণে। তার জেরেই হোক বা প্রশাসনিক ব্যর্থতাই হোক, আকাশ ছোঁয়া মুল্যবৃদ্ধি, বিদ্যুত সঙ্কট, গ্যাসের দাম বেড়ে যাওয়া ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ বস্ত্র শিল্পে শ্রমিক অসন্তোষ নিঃসন্দেহে তারেক রহমানের সরকারের প্রতি জনগণের বড় অংশকে দিনকে দিন ক্ষুব্ধ করে তুলছে এটা ঠিক। তবে এর পিছনে কার কার কলকাঠি নাড়াচাড়া আছে তাও লোকজন বুঝতে পারছেন না, তাও নয়। শেখ হাসিনা ছিলেন অনেক বেশি লাউড। সবসময় আমি এই করেছি, তাই করেছি বলে নিজের ঢাক নিজে পেটাতে ভালবাসতেন। তারেক রহমান একেবারেই তার বিপরীত। তার কাজকর্ম সবসময় নীচু তারে বাধা। স্বীকার করতেই হবে, ক্ষমতায় বসার মাত্র কয়েকমাসেই তিনি নিজের জনবান্ধব ভাবমূর্তি নির্মাণে অনেকটাই সক্ষম। তার গাড়ির বহর অনেক কম। হুটারের উচ্চকিত গর্জন খুবই সীমিত। রাস্তায় হঠাৎ নেমে তিনি চলে যান জনতার মাঝে। জনসংযোগ করতে। দেশের হিন্দু সম্প্রদায়ের সমর্থন এখন অনেকটাই বি এন পির দিকে। আওয়ামী লীগ ফিরলেই ফের দলে দলে হিন্দু সম্প্রদায়ের আস্থা লীগ ফিরে পাবে এই অনুমান মোটেও ঠিক নয়। লীগ এমন তাড়াহুড়ো করে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ফিরতে চাইছে, তার অন্যতম কারণও কিন্তু, তাদের চিরাচরিত ভোট ব্যাঙ্ক বা জিম্মি হিন্দু সম্প্রদায়ের তারেক রহমানমুখী হয়ে যাওয়া। সরকার না চাইলে অশান্তি হয় না- এই আপ্তবাক্য এবার পুরোপুরি খেটে গেছে এবারের সফল দুর্গা পুজোর পরে। এবারের চমৎকার ও সুষ্ঠু দুর্গা ও কালীপুজো নিশ্চিত তারেক রহমান সরকার মাষ্টার স্ট্রোক।
আওয়ামী লীগ আমলেই হিন্দু জমি দখল বেশি হয়েছে তাও ধীরে ধীরে সামনে আসছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পরে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বেড়েছে এও সত্যি নয়। বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সমগ্র কে বিচার করা অনুচিত। ঘটনা নিশ্চিত কিছু ঘটেছে, তা মুলত রাজনৈতিক। ডিসেম্বর বাংলাদেশের মুক্তির মাস। লীগ ও কলকাতা সুশীল ন্যারেটিভে মুক্তি এসেছিল একমাত্র আওয়ামী লীগের দৌলতে।বলাই বাহুল্য তা সর্বৈব ভুল। ৭১ এর মুক্তি যুদ্ধ ছিল আদতেই জনযুদ্ধ। ডিসেম্বরে আওয়ামী লীগের নতুনভাবে বাংলাদেশ বিজয় বা ক্ষমতা পুনরুদ্ধার কল্পনা বিলাস। হতে পারে, ভবিষ্যতে লীগ ফিরবে। কিন্তু এখনই নয়। জুলাইয়ে শেষ হয়ে যাওয়া, নিহত, আহতদের স্মৃতি এখনো মুছে যায়নি। গুম হওয়া অনেক পরিবার আজও ভুলতে পরেনি সেই দুঃসহ সময়কে। জামাত নিশ্চিত মাথা তুলছে। বিরাট সংখ্যক মানুষের কাছে জামাতের বিরোধিতায় বি এন পি ই ভরসা। কলকাতায় বসে আপনি বুঝবেন না, লীগের দৌরাত্ম্য এখনও বাংলাদেশের জনমনে প্রবল। তার হিংসার রাজনীতি বড় সংখ্যায় বাংলাদেশ এতো তাড়াতাড়ি ভুলে যায়নি। গোপালগঞ্জ ও অন্যান্য কয়েকটি জায়গায় লীগের কার্যকলাপে পুরনো লীগকে মনে পড়িয়ে দিচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তারেক রহমান সরকার নরম। তারা লীগকে ভয় পাচ্ছে। বোধহয় তা নয়। সচেতন ভাবেই সরকার লীগের ফাঁদে পা দেয় নি। গুলি চালুক, শহীদ হোক - লীগের এই কৌশল ঠান্ডা মাথার তারেক রহমান বানচাল করে দিয়েছেন। শুধু এই কারণে অন্তত তাঁর ধন্যবাদ পাওয়া উচিত।