পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

hhhhhhhhhhhhhh

সত্যের ফসলি ক্ষেত, বইদাহ ও হিন্দুত্ববাদীরা

  • 01 January, 1970
  • 0 Comment(s)
  • 204 view(s)
  • লিখেছেন : অশোক চট্টোপাধ্যায়
১৯৩৩ খ্রিস্টাব্দের ১০ মে রাত্রে ফ্যাসিস্ত হিটলারের সমাজবিরোধী বাহিনী জর্মনির বার্লিন স্কোয়ারে মিছিল করে এসে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে পঁচিশ হাজার বই নিক্ষেপ করেছিল। সেই বইগুলোর মধ্যে ছিল প্রখ্যাত জার্মান কবি হাইনরিশ হাইনের বইপত্রও। ১৮২১ খ্রিস্টাব্দে লেখা তাঁর ‘আলমানসোর’ শীর্ষক নাটকে হাইনরিশ হাইনে লিখেছিলেন যে : আজ যারা বই পোড়াচ্ছে, আগামীদিনে তারা মানুষ পোড়াবে!

 

‘…সে তার অগ্নিক্ষরা কলমের ডগা দিয়ে লিখেছিল : আমাকে পুড়িয়ে মারো।  আমার বইয়ের পাতায় পাতায় তো ছড়িয়ে আছে সত্যের ফসলি ক্ষেত। তা কি তোমাদের চোখে পড়েনি? অথচ তোমরাই আমাকে কি না বলছো মিথ্যেবাদী! আমি তোমাকে হুকুম করছি : হিম্মত থাকে যদি আমাকে পুড়িয়ে মারো!’

                                                               —ব্রেখট

 

শত্রুর শক্তিকে যেমন ছোট করে দেখার মধ্যে একটি মারাত্মক ভুল লুকিয়ে থাকে, তেমনই শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে ঢিলেমি, গা-ছাড়া মনোভাব, শত্রুর সঙ্গে গোপন আপসনামায় আবদ্ধ হওয়ার ঘটনাবলি কার্যত শত্রুকেই উৎসাহিত করে। শত্রুর চোখে চোখে রেখে লড়াইয়ের দৃঢ় কঠিন লড়াই ব্যতীত বিশেষ করে ফ্যাসিবাদকে পরাজিত করা যায় না। একথাটা মাথায় রাখা প্রয়োজন।

গত শতকের তিরিশের দশকের প্রথমদিকে ১৯৩৩ খ্রিস্টাব্দের ১০ মে রাত্রে যখন ফ্যাসিস্ত  হিটলারের সমাজবিরোধী বাহিনী জর্মনির বার্লিন স্কোয়ারে মিছিল করে এসে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে পঁচিশ হাজার বই নিক্ষেপ করেছিল, তাদের সেই বহ্ন্যুৎসব দর্শনে হিটলারের নাৎসি পার্টির মুখ্য প্রচারক পল যোশেফ গোয়েবলস আনন্দের আতিশয্যে উদ্বেল হয়ে উঠেছিলেন! এদিন ফ্যাসিস্তদের এই বহ্ন্যুৎসবে যেসব লেখকের বই আহুতি দেওয়া হয়েছিল, সেইসব বইয়ের মধ্যে ছিল ইহুদি, সমাজতন্ত্রী, শান্তিবাদী এবং বিজ্ঞানীদের লেখা অমূল্য সব গ্রন্থরাজি। এইসব বইয়ের সঙ্গে আগুনে আহুতি দেওয়া হয়েছিল প্রখ্যাত জার্মান কবি হাইনরিশ হাইনের বইপত্রও। ১৮২১ খ্রিস্টাব্দে লেখা তাঁর ‘আলমানসোর’ শীর্ষক নাটকে হাইনরিশ হাইনে লিখেছিলেন যে : আজ যারা বই পোড়াচ্ছে, আগামীদিনে তারা মানুষ পোড়াবে!  স্পেনে ‘কোরান’ পোড়ানোর প্রতিক্রিয়ায় তিনি এই কথাগুলি বলেছিলেন তাঁর নাটকে। তিনি তখন কি ভাবতে পেরেছিলেন যে তার একশবারো বছর পর তাঁর দেশেই ফ্যাসিস্তরা তাঁর বই সহ বিভিন্ন লেখকদের বইয়ের প্রকাশ্য বহ্ন্যুৎসব করবে!

       দ্বাদশ শতকের অন্তিম পর্যায়ে অথবা ত্রয়োদশ শতকের প্রত্যূষলগ্নে বখতিয়ার খিলজি বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছিল, বৌদ্ধ মঠ ও তৎসংলগ্ন পাঠাগারে আগুন ধরিয়ে দিয়েছিল। বহু বৌদ্ধ সন্ন্যাসী ও পণ্ডিতকে হত্যা করা হয়েছিল। খ্রিস্টিয় পঞ্চম শতকে, মৌর্য যুগে, এই নালন্দা বিশ্ববিদ্যালয় সংস্থাপিত হয়েছিল। চীন, কোরিয়া, তিব্বত এবং দক্ষিণপূর্ব এশিয়া থেকে প্রচুর সংখ্যক শিক্ষার্থী এখানে এসে অধ্যয়ন করতেন। এই বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে হাজার হাজার প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। এই বিপুল সংখ্যক গ্রন্থরাজি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। চার্বাকের রচনা বা তাঁর গ্রন্থাবলি আমাদের দেশে তো আর পাওয়াও যায় না।

       তুর্কি বংশোদ্ভূত বখতিয়ার খিলজি যেমন বৌদ্ধ সংস্কৃতি ও সাহিত্যের মূল্যবান গ্রন্থরাজি এবং একটি বিশ্ববিদ্যালয় ধ্বংস করে এক অপকীর্তির নিদর্শন রেখেছিলেন, তেমনই আমাদের  দেশের হিন্দুত্ববাদী ফ্যাসিস্তরা গত ২০২৪-এর ২৯ ডিসেম্বর বইদ্রোহিতার এক বেনজির দৃষ্টান্ত সৃষ্টি করেছিল। হায়দ্রাবাদ বইমেলায় একজন হিন্দুত্ববাদী তেলুগু মাসিক ‘বীক্ষণম’-এর স্টলে গিয়ে সেখানে যমনাদাস-এর ‘তিরুপতি বালাজি : আ বুদ্ধিস্ট শ্রাইন’ বইটি সম্পর্কে আপত্তি জানায়। সেই বইতে বলা হয়েছিল যে তিরুপতি মন্দিরের পেছনে বৌদ্ধদের সাংস্কৃতিক শিকড় রয়েছে। লেখকের এই মত কেউ মানতেও পারেন, আবার না-ও পারেন। একটি গবেষণা গ্রন্থে কিছু প্রশ্নের উত্তর খোঁজার পরিশ্রমী অনুসন্ধানের সাক্ষ্য থাকে। সেই হিন্দুত্ববাদী বইটির এই ‘আপত্তিকর’ অংশের ছবি তুলে ভিডিও করে হিন্দুত্ববাদী প্রচার মাধ্যমগুলিতে ছড়িয়ে দিয়ে আগুনে ঘৃতাহুতির কাজটিই সুসম্পন্ন করেন। এর পরিণতিতে হাড় হিম করার ঘটনা ঘটে যায়। পত্রিকার সম্পাদক এন ভেনুগোপাল-এর বক্তব্য থেকে জানা গিয়েছে যে তাঁকে পিটিয়ে মারার, এমনকি গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার হুমকিও আসতে থাকে।—এ তো জর্মন কবি হাইনরিশ হাইনের পূর্বোদ্ধৃত কথারই প্রতিফলন! আগে এই হিন্দুত্ববাদী ফ্যাসিস্তরা একটি বই নিয়ে আপত্তি জানায়, তারপর তারা স্টলের বিক্রেতা তথা পত্রিকা-সম্পাদককেই জীবন্ত পুড়িয়ে মারার উদ্যোগ নেয়! ভেনুগোপাল জানিয়েছেন যে এই বইটি তিরিশ বছর আগের লেখা একটি বই এবং বহুদিন ধরেই বইটি বিক্রি হয়ে চলেছে। তাহলে এতদিন পরে এই নির্দিষ্ট বইটি নিয়ে এত হইচই করার কী অর্থ থাকতে পারে?  

আসলে হিন্দুত্ববাদী ফ্যাসিস্তরা সবসময়ই একটি ইস্যু চায়, আর তা পেলেই সেটা নিয়েই তাদের অপরাজনীতির ধ্বংসাত্মক কাজকর্ম শুরু করে দেয়। এই হায়দ্রাবাদ বইমেলা এবং এই বই-হুমকির সপ্তাহ খানেক পরে তিরুপতি বইমেলায় অন্য একটি তেলুগু বইকে তারা ছিঁড়ে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল। এটাই হচ্ছে আমাদের দেশের সংঘপারিবারিক ফ্যাসিস্ত সংস্কৃতির একটি ফলিত ও ধ্বংসাত্মক রূপ, যার নজির এখন আমরা আমাদের পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি।

       ২০১৮ খ্রিস্টাব্দের মার্চ মাসে ত্রিপুরায় এই হিন্দুত্ববাদী ফ্যাসিস্তদের রাজনৈতিক দল বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর বিলোনিয়ায় বুলডোজার দিয়ে লেনিন-এর মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। আর এই  অপকর্ম সংঘটিত করার পর ফ্যাসিস্ত সরকারের লুম্পেন বাহিনী উল্লাসে ফেটে পড়েছিল। এবছরের গত জুলাই মাসে বর্ধমান জেলার রানিগঞ্জে প্রখ্যাত দার্শনিক, বহু গ্রন্থের প্রণেতা, মহাপণ্ডিত  রাহুল সাংকৃত্যায়ণের পাথরের মূর্তিটি এই হিন্দুত্ববাদী ফ্যাসিস্ত লুম্পেন বাহিনী রাতারাতি হাফিস করে দিয়েছিল! এমনকি মূর্তিটির চোদ্দ ফুট বেদিটিও তারা ধ্বংস করে দিয়েছিল। মনে রাখা দরকার যে রাহুল সাংকৃত্যায়ণ ছিলেন একজন বৌদ্ধ পণ্ডিত, যিনি উত্তরকালে মার্কসবাদে আকৃষ্ট হয়ে ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। বৌদ্ধ সংস্কৃতি, স্থাপত্য, বিশ্ববিদ্যালয়, বৌদ্ধ সন্ন্যাসী, পণ্ডিত এবং অসংখ্য মূল্যবান গ্রন্থাবলির আকর সংগ্রহশালা বিশাল গ্রন্থাগারকে বখতিয়ার খিলজি যেমন ধ্বংস করে একটি নেতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন, উত্তরকালে আমাদের দেশের হিন্দুত্ববাদী ফ্যাসিস্তরা সেই নেতিবাচক দৃষ্টান্তকে গ্রহণযোগ্য করে ও তাকে প্রশ্নহীন মান্যতা দিয়ে সেই অপকীর্তির উত্তরসূরি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। গত মে মাসে আমাদের বাংলায় আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন হওয়ার আগেই তারা যাদবপুরে লেনিনের মূর্তি আক্রমণের নজির সৃষ্টি করেছিল।

তাদের ক্ষমতাসীন হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই তারা তাদের ফ্যাসিস্ত অ্যাজেন্ডা কার্যকরী করতে অতিব্যস্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে বেশ কিছুসংখ্যক মূর্তি আক্রান্ত, কালিমালিপ্ত করা হয়েছে।  বঙ্কিমচন্দ্রকে তাদের হিন্দুত্ববাদের উদ্গাতা বুদ্ধিজীবীর মান্যতা দিতে গিয়ে রবীন্দ্রনাথকে প্রকারান্তরে হেয় প্রতিপন্ন করার কুশলী প্রয়াসের নজির রেখেছে এরা। এখন তো শোনা যাচ্ছে বিদ্যালয়ের পাঠক্রমে থাকা রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতাটিকে বর্জন করে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ত বিজেপি সরকার তাঁর ‘শিবাজী উৎসব’ কবিতাটি পাঠ্যক্রমের অন্তর্ভূক্ত করতে চলেছে! মুখে সুভাষচন্দ্রকে মান্যতা দিলেও সুভাষচন্দ্রের মূর্তিকে কালিমালিপ্ত করতে এরা পিছপা হয় না।

       পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তাঁর হিন্দুত্ববাদের অতিরৈখিকতার নিদর্শন রাখতে গিয়ে প্রায়শই প্রকাশ্যে সাম্প্রদায়িক কথা বলে থাকেন। ভারতবাসী-র বিপ্রতীপে তিনি নিজেকে একজন ‘গর্বিত’  ‘হিন্দু’ বলে ভাবতেই অধিকতর স্বাচ্ছন্দ্য বোধ করেন।  বিগত দুর্গাপুজোর সময়কালীন বিভিন্ন পুজোমণ্ডপের সন্নিহিত অঞ্চলে ‘বাম’পন্থীদের বিভিন্ন ঘরানার এবং এমনকি অধিকার রক্ষা সংগঠনের বইয়ের স্টল ও বই বিক্রির বিরুদ্ধে তিনি সরাসরি উস্কানিমূলক হুমকি দিয়ে তাঁর দলীয় লুম্পেন ও সরকারি পুলিশ বাহিনীকে অতিসক্রিয় এবং অতিউৎসাহিত করে তুলেছিলেন। আর এর অনিবার্য পরিণতিতে দেখা গিয়েছে বিভিন্ন ‘বাম’পন্থী এবং অধিকার রক্ষা সংগঠনের কর্মীদের বইয়ের স্টল এবং বইয়ের ওপর সরকারি এবং দলীয় লুম্পেন বাহিনীর প্রকাশ্য এবং দৃষ্টিকটু আক্রমণ সংঘটিত হয়েছে। একদিকে যেমন বইয়ের স্টল ভেঙে দেওয়া হয়েছে, তেমনই দলীয় লুম্পেনরা স্টল থেকে বিভিন্ন লেখকের বই ছুঁড়ে ফেলে দিয়েছে, বইয়ের পাতা ছিঁড়ে ফেলে দিয়েছে এমনকি বই পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও সংঘটিত হয়েছে। এর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদও আক্রান্ত হয়েছে। আর এই ‘অপকীর্তি’র প্রতিক্রিয়ায় বিজেপি সরকারের জনৈক মন্ত্রীর মাথা ‘নত’ হওয়ার নাটকও প্রদর্শিত হয়েছে। আর এই হিন্দুত্ববাদী বিজেপির অসরকারি দলীয় সর্বোচ্চ নেতা তো নাটকের আরো নানারঙের প্রদর্শনীর দোকান খুলে বসেছিলেন। তিনি একদিকে যেমন বইয়ের স্টল ভাঙার মতো কাজকে ‘সমর্থন করেন না’ বলেছেন, তেমনই পাশাপাশি এইসব অপকীর্তি তাঁর দলের প্রশিক্ষিত কর্মিদের নয় বলে সাফাই গেয়েছেন! যেহেতু তাঁর দলের কেউ এই অপকর্মের সঙ্গে যুক্ত নয়, তাই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কোনও প্রশ্নই ওঠে না!—এভাবেই কথার মারপ্যাঁচে তিনি তাঁর দলীয় লুম্পেনদের এই অপকর্মকে বৈধতা এবং উৎসাহ দিয়েছেন।

       বিজেপির দলীয় লুম্পেনদের এই ধ্বংসাত্মক অপকর্ম সংঘটিত হয়েছে কলকাতার যাদবপুর, বাঘাযতীন, ঢাকুরিয়া, বেহালা, ঠাকুরপুকুর, নাগেরবাজার প্রভৃতির পাশাপাশি বারাসাত, নৈহাটি, বারাকপুর, নোয়াপাড়া, ডায়মন্ডহারবার এমনকি নদীয়ার বিভিন্ন স্থানেও। এই বইয়ের বিরুদ্ধে বিজেপির বিভিন্ন সংগঠন ও বিশ্বহিন্দু পরিষদের লুম্পেনরা যুদ্ধ চালিয়ে গিয়েছে। ‘লভ জেহাদ’-এর পর এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের অনুশীলক বিজেপির লুম্পেনদের নয়া শব্দ আবিষ্কার ‘বইজেহাদ’! এধরনের বই বিক্রির উদ্যোগকে ‘ধর্মদ্রোহী’, ‘দেশদ্রোহী’ এবং ‘জেহাদি’ আখ্যা দিয়ে বিজেপি সরকার পোষিত লুম্পেনরা আয়োজকদের শারীরিকভাবে নিগ্রহ করেছে এমন খবর তো দৈনিক সংবাদপত্র এবং সমাজমাধ্যমে প্রচার হয়েছে। এদের হামলার ফলশ্রুতিতে রাস্তায় ছড়িয়ে পড়ে থেকেছে জনমান্য, প্রাণাধিক প্রিয় সব বই যা রীতিমতো পদদলিত হয়েছে! শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও এদের কাছে ‘দেশবিরোধী’ হয়ে গিয়েছেন! বোঝাই যায় এই বইনিধন যজ্ঞ বিজেপি তথা ফ্যাসিস্ত সংঘপরিবারের পরিকল্পিত আক্রমণের কর্মসূচিরই অঙ্গ ছিল।

       বিজেপি সরকার এবং তাদের দলীয় লুম্পেনদের  বইয়ের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণার প্রতিপক্ষে গত ৩১ অক্টোবর কলকাতার কলেজ স্কোয়ারে প্রতিবাদী আন্দোলন সংগঠিত করতে গিয়ে আন্দোলনের নেতৃত্বকারী শক্তি অতিসতর্কতায়, আইনের প্রতি নতচিত্ততায়, বাধ্য ছেলের মতো বিশাল সংখ্যক প্রতিবাদী বইপ্রেমী জনতার সমাবেশকে একটা সংকীর্ণ গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রেখে কী বার্তা দিতে চাইলেন তা ব্যাখ্যার অবকাশ রাখে। এতে সরকার এবং তাদের লুম্পেনবাহিনী উৎসাহিতই হয়েছে। সম্প্রতি কলেজস্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই-এর বইয়ের স্টল প্রথমদিনে সরকারি পুলিশ বাহিনীর আক্রমণের শিকার হয়। উদ্যোক্তাদের মধ্যে থেকে একচল্লিশ জনকে ‘আটক’ করে পুলিশ একষট্টিটি বই তুলে নিয়ে যায়। পরেরদিন ওখানেই আবার স্টল করে বসার পর এবার রঙ্গমঞ্চে আবির্ভূত হয়ে খোদ আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-র লুম্পেন বাহিনী। তারাই এবার স্টল ভাঙা, ডিম ছোঁড়া, ‘বোমা’ নিক্ষেপের মতো সমাজবিরোধীসুলভ কাজ সম্পন্ন করে। সরকার প্রকারান্তরে তাদের এই অপকর্মের বৈধতা দেয় এবং কোনও এবিভিপি কর্মী গ্রেপ্তার হয় নি। বরং তাদের এই অপকর্মে পুলিশ রীতিমতো সহযোগিতা করেছে। এর প্রতিবাদে গত কয়েকদিন আগে কলকাতার হেদুয়া থেকে বিভিন্ন ‘বাম’পন্থী ছাত্র সংগঠন ও ব্যক্তিদের উপস্থিতিতে একটি বড়ো প্রতিবাদী মিছিল সংঘটিত হয়। সেই মিছিলের অগ্রভাগে শোভা পেয়েছিল ‘অক্ষরমালা আগুন হোক’ শীর্ষক শ্লোগান। কিন্তু মনে রাখতে হবে যে শব্দ-বর্ণ-অক্ষরমালা নিজে থেকেই ‘আগুন’ হয়ে ওঠে না। তাকে ‘আগুন’ করে তুলতে হয়। আর সেই অগ্নির উপাসনার মাধ্যমে এই জনস্বার্থদ্রোহী হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বিরুদ্ধে প্রকৃত লড়াইয়ের সক্রিয় রাজনীতির অনুশীলন প্রয়োজন, তার আন্তরিক অনুধ্যান প্রয়োজন, নাহলে এই লড়াই শুধু নিছক শ্লোগানের শোভাবর্ধনই করবে।

       বিভিন্ন দেশের লেখক-বুদ্ধিজীবী-চিন্তকেরা বিভিন্ন সময়ে বই এবং ফ্যাসিবাদের মধ্যেকার সম্পর্ক নিয়ে নানান কথা বলেছেন। কবি মিলটন বলেছিলেন : যে বা যারা একটি ভালো বইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বইকে ধ্বংস করতে চায়—সে আসলে যুক্তিকেই হত্যা করতে চায়। ফ্রাঙ্কলিন রুজভেল্ট আপ্তবাক্যের মতো উচ্চারণ করেছিলেন : আগুনে পুড়িয়ে বইকে হত্যা করা যায় না; মানুষের জীবনের দীপ একসময় নিভে যায়, কিন্তু বইয়ের মৃত্যু নেই। ম্যাথু কলিনস-ও মনে করিয়ে দিয়েছেন : ফ্যাসিবাদ আর গ্রন্থাগার কখনও মিলমিশ খায় না, অর্থাৎ এদের মধ্যেকার সম্পর্ক অমিত্রতার, শত্রুতার। স্বভাবতই ফ্যাসিস্তরা বই পোড়ানোর মতো কলঙ্কজনক কাজ করে থাকে। আর জর্মন কবি হাইনরিশ হাইনের পূর্বোদ্ধৃত উচ্চারণটি আরও একবার সম্রণ করা যাক : আজ যারা বই পোড়ায়, আগামীদিনে তারা তো অবলীলায় নরহত্যায় মেতে উঠবে!

       মনে রাখতে হবে আমাদের বাংলায় ফ্যাসিবাদের পরিকল্পিত আগ্রাসন শুরু হয়ে গিয়েছে। এসআইআর সহ নানান জনস্বার্থবিরোধী প্রক্রিয়ার সুচিন্তিত অনুশীলনের মাধ্যমে তারা সর্বাত্মক আক্রমণ জারি রাখতে উদ্যোগী হয়েছে। দেশের অন্যান্য প্রান্তে বিজেপি বিরোধী যে সম্মিলিত শক্তির সমাবেশ ঘটছে, তা কিঞ্চিৎ আশাপ্রদ হলেও, আমাদের বাংলার ক্ষেত্রে তা রীতিমতো নৈরাশ্যজনক। অনৈক্যের চোরাবালি, দৃষ্টিভঙ্গির অপ্রসারতা তথা সংকীর্ণতা, নিছক নির্বাচনি রাজনীতির অতিরৈখিকতা এখানে বাংলাকে প্রতিবাদী আন্দোলনে জোয়ার সৃষ্টির ক্ষেত্রে সর্বভারতীয় প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এই স্থিতিজাড্য ভেঙে না এগোতে পারলে এখানে বিজেপির শাসন দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে, এমন আশঙ্কার কারণ থেকেই যায়।

0 Comments

Post Comment